ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- প্রকাশের সময় : ০৭:৫৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 80

ক্রমবর্ধমান ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে সমগ্র জেলায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ শনিবার (০৭ নভেম্বর ২০২৬) “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬”-এর অংশ হিসেবে জেলার সকল উপজেলায় এবং ১০টি পৌরসভায় একযোগে এই বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হয়।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আসাদুজ্জামান।
অভিযানকালে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সাথে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্য সুরক্ষা ও একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তুলতে জেলা প্রশাসনের এই ধরনের জনসম্পৃক্ত ও জনকল্যাণমুখী কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।


























