নতুন মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর
- প্রকাশের সময় : ১২:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 19

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের দীর্ঘদিনের বেতন-ভাতা বৃদ্ধির দাবি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, দেশের তৈরি পোশাকশিল্পকে কেন্দ্র করে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার রয়েছে। আগামী এক বছরের মধ্যে পোশাকশিল্পের মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখতে চান তিনি।
নতুন মজুরি বোর্ড গঠনের পর পোশাকশ্রমিকদের মধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে শুধু বেতন বৃদ্ধি নয়, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সময়মতো বেতন পরিশোধ, চিকিৎসাসেবা এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নিশ্চিত করাও জরুরি। এখন শ্রমিকদের মূল প্রত্যাশা—নতুন মজুরি বোর্ড যেন বাস্তব পরিস্থিতি বিবেচনা করে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য বেতন কাঠামো নির্ধারণ করে।
























