কাউনিয়ায় বিসিক কমিশনার গলি সোলেমানিয়া জামে মসজিদে ফের চুরি: দানবাক্স ভেঙে টাকা ও মুয়াজ্জিনের রুম থেকে ল্যাপটপ-মোবাইল লোপাট
- প্রকাশের সময় : ১১:২২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 70

বরিশালের কাউনিয়া বিসিক কমিশনার গলি এলাকার সোলেমানিয়া জামে মসজিদে ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মসজিদটির দানবাক্সের তালা ভেঙে নগদ টাকা চুরির পাশাপাশি কর্মরত মুয়াজ্জিনের কক্ষ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। এর আগেও একই মসজিদে মুয়াজ্জিনের রুম থেকে চুরি সংঘটিত হয়েছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই মসজিদে এ ধরনের চুরির পুনরাবৃত্তি ঘটায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। চোরেরা রাতের আঁধারে বা সুবিধাজনক সময়ে মসজিদের ভেতরে প্রবেশ করে দানবাক্সের তালা ভেঙে ভেতরের সমস্ত টাকা নিয়ে চম্পট দেয়। এছাড়া মসজিদের মুয়াজ্জিন সাহেবের ব্যক্তিগত কক্ষে ঢুকে তাঁর একমাত্র কাজের সম্বল ল্যাপটপ এবং মোবাইল ফোনও চুরি করে নিয়ে যায়।
মসজিদের মতো একটি পবিত্র স্থানে বারবার এ ধরনের চুরির ঘটনায় নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, এর আগেও একই রুম থেকে মোবাইল ও টাকা চুরির ঘটনা ঘটলেও কোনো কার্যকর সুরাহা বা চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়নি।
এ বিষয়ে এলাকাবাসী ও মসজিদ কমিটি দ্রুত প্রশাসনের হস্তক্ষপ কামনা করেছেন। একইসঙ্গে সিসি ক্যামেরা স্থাপন এবং মসজিদের নিরাপত্তা জোরদার করার জোর দাবি জানানো হয়েছে, যাতে অতি দ্রুত এই চক্রটিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়।

























