কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত ৪
- প্রকাশের সময় : ০৩:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 37

নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন (৪০) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে রাজিন নিহত হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর, ২০২৬) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাউড়িবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হক শাহীন জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মাহমুদুল হক শাহীন তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্যে লাউড়িবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহীনের পরিবারসহ দুই মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হক শাহীন ও তাঁর শিশুসন্তান রাজিনকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় শাহীনের স্ত্রী তুহীন আক্তার (২৯) ও তাঁদের আট বছর বয়সী মেয়ে মুমু গুরুতর আহত হয়েছেন। এছাড়া অপর মোটরসাইকেলের চালক ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের সাফিক মিয়া (৩৫) ও তাঁর স্ত্রীও মারাত্মকভাবে জখম হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হতাহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এদিকে একই সাথে বাবা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে নিহতদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আর্তনাদ ও আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণসহ পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।


























