ভুয়া এনএসআই কর্মকর্তা আটক: সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে জালিয়াতির পর্দাফাঁস
- প্রকাশের সময় : ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 25

প্রতিনিধি: সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক পরিচয় দিয়ে প্রতারণা করার সময় নূরজ্জামান নূর আবু সালেহ নামের এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।
এনএসআইয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিট থেকে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১টা ১০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নূরজ্জামান নূর আবু সালেহ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা গ্রামের মো. সামাদ সরকারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত নূরজ্জামান ২০১৬ সাল থেকেই অভিনব কায়দায় প্রতারণা চালিয়ে আসছিলেন। তিনি Md. Jakirul Islam (Rahul) নামে এনএসআইয়ের সহকারী পরিচালক পদবির একটি নকল পরিচয়পত্র তৈরি করেন। এই ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে তিনি সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
পাশাপাশি বিভিন্ন দোকান ও ব্যবসায়ীর কাছ থেকেও প্রভাব খাটিয়ে অর্থ আদায় করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।























