কোটচাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সফল মৎস্যচাষিদের সম্মাননা
- Update Time : ১১:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৪ Time View

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্যচাষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম ও সঞ্চালনায় ছিলেন শিক্ষা কর্মকর্তা আবু হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাস্টার আজিজুর রহমান, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক লিয়াকত আলী, এনসিপি নেতা হৃদয় আহমেদ , কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমানসহ স্থানীয় মৎস্য সমবায় সমিতির নেতৃবৃন্দ ও মৎস্যচাষিরা।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং মৎস্যচাষিদের স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সম্মাননা ও মৎস্য পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, ১৬ থেকে ১৮ আগস্ট ২০২৬ পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ পালিত হচ্ছে। এ উপলক্ষে মৎস্য খাতের উন্নয়ন, সফল উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।



















