দুর্গম মদক সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিশুদের টিকাদান
- প্রকাশের সময় : ০৯:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 38

১৮টি পাড়ার অর্ধশতাধিক শিশুকে টিকা, চিকিৎসা ও ওষুধ পেলেন ৭৫-৮০ জন নারী-পুরুষ
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম মদক সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও শিশুদের টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। ১১ নভেম্বর বুধবার ব্যাটালিয়নটির সার্বিক ব্যবস্থাপনায় এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে রেমাক্রি ইউনিয়নে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৫৭ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির আওতায় মদক এলাকার ১৮টি পাড়ার ০ থেকে ১১ বছর বয়সী অর্ধশতাধিক শিশুকে সরকারি ইপিআই টিকাসহ হাম-রুবেলা, টাইফয়েড ও সার্ভিক্স ভ্যাকসিনসহ বিভিন্ন টিকা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ ৭৫ থেকে ৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। এর মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৫৭ বিজিবি জানিয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাতেও এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে চিকিৎসাসেবা ও টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়।


























