নেত্রকোনা কলমাকান্দায় খারনৈ ইউনিয়নে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি।
- প্রকাশের সময় : ০৫:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 34

নেত্রকোনা কলমাকান্দায় খারনৈ ইউনিয়নে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি।
কলমাকান্দার খারনৈ ইউনিয়নে আমন ধানের বাম্পার ফলন, ন্যায্যমূল্য নিয়ে আশাবাদী কৃষক।
মোঃ বজলু মিয়া, জেলা প্রতিনিধি (নেত্রকোনা)।
১২ নভেম্বর ২০২৬: অনুকূল আবহাওয়া এবং সঠিক পরিচর্যার কারণে চলতি মৌসুমে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে ইউনিয়নের ১নং ওয়ার্ডের খারনৈ গ্রামসহ আশপাশের ফসলি মাঠে দিগন্তজুড়ে সোনালি ধানের সমারোহ দেখে স্থানীয় কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। ইতোমধ্যে মাঠে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব শুরু হয়েছে।
সরেজমিনে খারনৈ ইউনিয়নের ১নং ওয়ার্ডের খারনৈ এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে পাকা সোনালি ধান বাতাসে দোল খাচ্ছে। সকাল থেকেই কৃষক ও কৃষি শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন ধান কাটা, আঁটি বাঁধা ও ঘরে তোলার কাজে।
খারনৈ গ্রামের স্থানীয় কৃষকরা জানান, এবার সময়মতো বৃষ্টিপাত হওয়ায় এবং সার ও কীটনাশকের সংকট না থাকায় ধানের ফলন আশাতীত ভালো হয়েছে। পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম ছিল। তবে চাষাবাদের খরচ কিছুটা বাড়ায় বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়ার দাবি জানিয়েছেন তারা। ন্যায্য দাম পেলে বিগত দিনের ক্ষতি পুষিয়ে লাভবান হতে পারবেন বলে আশা করছেন এ অঞ্চলের কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আমন মৌসুমের শুরু থেকেই মাঠ পর্যায়ে কৃষকদের উন্নত জাতের বীজ ব্যবহার এবং সুষম সার প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং প্রাকৃতিক কোনো বড় দুর্যোগ না হওয়ায় কলমাকান্দা উপজেলাজুড়ে এবার আমনের বাম্পার ফলন হয়েছে।



























