সিরাজগঞ্জে আগাম শীতকালীন সবজির আবাদ বেড়েছে, ভালো দাম পাওয়ায় হাসি কৃষকের মুখে
- প্রকাশের সময় : ০১:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 31

প্রতিনিধিঃ সিরাজগঞ্জে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মাঠজুড়ে এখন মুলা, শিম, ফুলকপি, বাঁধাকপি, গাজরসহ নানা ধরনের শীতকালীন সবজির সমারোহ। আগাম আবাদ করা এসব সবজি বাজারে উঠতে শুরু করেছে। শুরুতেই ভালো দাম পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। তবে সার, কীটনাশক ও জ্বালানি তেলের বাড়তি দামে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের হিসাব নিয়ে কিছুটা দুশ্চিন্তাও রয়েছে তাঁদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলায় ২ হাজার ৯১১ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। গত বছর একই সময়ে এ আবাদ ছিল ২ হাজার ১৮৬ হেক্টর জমিতে। অর্থাৎ এক বছরের ব্যবধানে আগাম সবজির আবাদ বেড়েছে ৭২৫ হেক্টর। এ ছাড়া নতুন করে আরও ৬ হাজার হেক্টর জমিতে সবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা।
উপজেলাভিত্তিক আবাদে সবচেয়ে এগিয়ে রয়েছে রায়গঞ্জ। এ উপজেলায় ৬৮৫ হেক্টর জমিতে আগাম সবজি চাষ হয়েছে। এ ছাড়া কাজীপুরে ৬৭০, উল্লাপাড়ায় ৪৭৫, কামারখন্দে ৩০৫ এবং শাহজাদপুরে ২৯৫ হেক্টর জমিতে এসব সবজির আবাদ করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলার কৃষক সাইদুল ইসলাম ৩৫ শতক জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন। একই গ্রামের কৃষক আব্দুল মতিন এক বিঘা জমিতে ফুলকপি ও মুলা আবাদ করেছেন। ইতোমধ্যে তাঁর উৎপাদিত সবজি বাজারে বিক্রি শুরু হয়েছে। শুরুতে ভালো দাম পাওয়ায় দুজনই এ মৌসুমে লাভের আশা করছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগাম সবজি চাষে তুলনামূলক ভালো দাম পাওয়া যায়। বাজারে শীতকালীন সবজির সরবরাহ পুরোপুরি শুরু হওয়ার আগেই উৎপাদিত সবজি বিক্রি করতে পারলে লাভের সম্ভাবনা বেশি থাকে। এ কারণে অনেক কৃষক আগাম চাষের দিকে ঝুঁকছেন। তবে বীজ, সার, কীটনাশক, সেচ ও জমি প্রস্তুতসহ বিভিন্ন খাতে খরচ বেড়ে যাওয়ায় তাঁদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।
কাজীপুর উপজেলার কৃষক জুড়ান আলী বলেন, আগাম সবজির বাজারদর ভালো থাকলেও সার কিনতে হচ্ছে বাড়তি দামে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত কতটা লাভ হবে, তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ রেজাউল হক বলেন, চলতি মৌসুমে জেলায় ২ হাজার ৯১১ হেক্টর জমিতে আগাম সবজির আবাদ হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকদের মধ্যে সবজি চাষের আগ্রহ বাড়ছে। নতুন করে আরও ৬ হাজার হেক্টর জমিতে আবাদ সম্প্রসারণের প্রস্তুতি চলছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একেএম মনজুরে মাওলা বলেন, সিরাজগঞ্জের মাটি ও উঁচু জমি সবজি চাষের জন্য বেশ উপযোগী। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে। ফলে এ অঞ্চলে সবজি চাষের সম্ভাবনা বাড়ছে।
সব মিলিয়ে আগাম শীতকালীন সবজির আবাদ ও বাজারে ভালো দাম পাওয়ায় সিরাজগঞ্জের কৃষকদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তবে সার, কীটনাশক ও জ্বালানিসহ উৎপাদনের উপকরণের দাম সহনীয় পর্যায়ে রাখা গেলে কৃষকেরা আরও বেশি লাভবান হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

























