বেনাপোল রেলওয়েতে নিরাপত্তা জোরদার, সতর্ক আনসার সদস্যরা
- প্রকাশের সময় : ০২:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 148

যশোরের শার্শা উপজেলার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যোগাযোগকেন্দ্র বেনাপোল রেলওয়ে স্টেশনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: সাইফুল রহমানের নির্দেশনা ও সমন্বয়ে স্টেশন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেন আনসার সদস্যরা।
এ সময় ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার, ভিডিপি ও টিডিপি সদস্যরা রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
বেনাপোল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্থলবন্দর। ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ থাকায় এ স্টেশন দিয়ে দেশি-বিদেশি যাত্রীদের যাতায়াত হয়। পাশাপাশি স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। ফলে জাতীয় ও আন্তর্জাতিক যোগাযোগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে বেনাপোলের গুরুত্ব অত্যন্ত বেশি।
শুধু বেনাপোল রেলওয়ে স্টেশন নয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকাভিত্তিক আনসার ও ভিডিপি সদস্যরাও নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও সজাগ রয়েছেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল রহমানের নির্দেশনায় সদস্যরা এলাকার সার্বিক পরিস্থিতির প্রতি নজর রাখছেন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।
দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
বাহিনীর প্রধানের নির্দেশনা অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে আনসার সদস্যরা শৃঙ্খলা, সতর্কতা ও পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন। তাঁদের এই সম্মিলিত প্রচেষ্টা দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জোরদার করছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শুধু একটি বাহিনীর সদস্য নন, তাঁরা দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় নিবেদিতপ্রাণ এক শক্তি। তাঁদের দায়িত্বশীলতা, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের এই দৃষ্টান্ত বাহিনীর সুনাম, মর্যাদা ও ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


























