মোংলায় সুন্দরবন সংরক্ষণে সিপিজি, ভিডিআরবি ও ডিসিটির সদস্যদের পুনঃপ্রশিক্ষণ সম্পন্ন
- Update Time : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩ Time View

বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও বনজ সম্পদের পাশাপাশি উপকূলের মানুষের জীবন-জীবিকার সাথেও গভীরভাবে জড়িত এই বন।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে আরও সক্রিয় করতে মোংলায় আয়োজিত হলো সিপিজি, ভিডিআরবি ও ডিসিটি সদস্যদের পুনঃপ্রশিক্ষণ কর্মশালা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মোংলার চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
‘Nature Based Adaptation towards Prosperous and Adept Lives & Livelihoods in Bangladesh’ – NABAPALLAB প্রকল্পের আওতায় সিএনআরএস এর নবপল্লব প্রকল্প, মোংলা এই প্রশিক্ষণের আয়োজন করে।
*প্রশিক্ষণের মূল উদ্দেশ্য:*
সুন্দরবন রক্ষায় মাঠ পর্যায়ে কাজ করা। সিপিজি, ভিডিআরবি ও ডিসিটি সদস্যদের দক্ষতা ও জ্ঞান বাড়ানো। পাশাপাশি সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধভাবে বনজ সম্পদ সংগ্রহ বন্ধে সচেতনতা তৈরি এবং সুন্দরবন নির্ভর মানুষকে বন রক্ষায় আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমসি সভাপতি মো. ফারুক হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সিএমপি প্রশাসনিক কর্মকর্তা শেক্সপিয়ার বালা। আরও উপস্থিত ছিলেন নবপল্লব ও সিএনআরএস এর কর্মকর্তা বিশ্বজিৎ বাবু।
প্রধান অতিথি বলেন, `সুন্দরবন শুধু একটি বন না, এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্যের বড় আধার। এই বন রক্ষায় সরকারের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী, বনজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকা দরকার।
তিনি আরও বলেন, `এই পুনঃপ্রশিক্ষণের মাধ্যমে সুন্দরবন রক্ষায় মাঠে কাজ করা সদস্যদের কাজের গতি আরও বাড়বে। পর্যায়ক্রমে সিপিজির মতো আমরা অন্য ২টি সংগঠনকেও স্বল্প পরিসরে হলেও বেতনের আওতায় আনার চেষ্টা করছি। সুন্দরবন রক্ষায় আপনাদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। বন বিভাগ সবসময় আপনাদের পাশে আছে।
এসময় তিনটি টিমকে আরও শক্তিশালী করা এবং সুন্দরবনের বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।#



















