রায়েরবাজারে সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ডেঙ্গু আতঙ্কে এলাকাবাসী
- Update Time : ০২:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৭ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডের রায়েরবাজার হাসেম খান রোড (বাগানবাড়ি গলি) এলাকায় রাস্তার পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্যের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের ওপর প্রকাশ্যেই ময়লা-আবর্জনা ফেলায় এলাকাটি কার্যত ছোটখাটো ভাগাড়ে পরিণত হয়েছে। এর ফলে তীব্র দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বেড়েছে মশা-মাছির উপদ্রব, যা স্থানীয়দের মাঝে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি ও ডেঙ্গু আতঙ্ক তৈরি করেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার কিনারে প্রতিনিয়ত ময়লা ফেলা হলেও সংশ্লিষ্ট বাড়িওয়ালা বা কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। একাধিকবার বাড়িওয়ালাকে বিষয়টি জানানো সত্ত্বেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। এছাড়া ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়মিত বর্জ্য অপসারণের ঘাটতির সুযোগেই জমে উঠেছে এই ময়লার স্তূপ।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বাসিন্দা বলেন, “ময়লার দুর্গন্ধে ঘরে স্বাভাবিকভাবে বসে থাকা কিংবা ঘুমানো অসম্ভব হয়ে পড়েছে। মশার উপদ্রব এতটাই বেড়েছে যে ডেঙ্গুসহ নানা সংক্রামক রোগের আশঙ্কায় সারাক্ষণ দিন কাটাতে হচ্ছে।”
এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই স্থান থেকে দ্রুত জমে থাকা সব আবর্জনা অপসারণ করতে হবে। একই সঙ্গে পুনরায় যেন কেউ সেখানে ময়লা না ফেলে, তা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কঠোর নজরদারি ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।



















