ডিবি পরিচয়ে তুলে নেওয়ার পর আইনজীবী সাইফুল মোল্লাকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ
- Update Time : ০৭:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ Time View

বিশেষ প্রতিবেদক | ঢাকা
ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম মোল্লাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই বাসা থেকে ডেকে নিয়ে পরে তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফতুল্লার কুতুবপুর এলাকার নিজ বাসা থেকে রাত আনুমানিক সাড়ে ১১টায় ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি একটি সাদা মাইক্রোবাসে করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লাকে নিয়ে যান। এ সময় তাঁকে জানানো হয়, পুলিশ সুপার (এসপি) তাঁর সঙ্গে জরুরি কথা বলবেন। তবে এসপির কাছে না নিয়ে গিয়ে পরবর্তীতে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
নথি অনুযায়ী, ফতুল্লা মডেল থানার একটি মামলায় (এফআইআর নং-৮৩, তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৭০৯) তাঁকে আসামি করা হয়েছে। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯, ১০, ১১ ও ১২ ধারা যুক্ত রয়েছে। পুলিশি নথিতে তাঁর গ্রেপ্তারের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬ উল্লেখ করে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মামলার নথিতে অভিযুক্ত সাইফুল ইসলাম মোল্লার বয়স ৫০ বছর উল্লেখ রয়েছে। তাঁর রাজনৈতিক ও সামাজিক পরিচয় হিসেবে বাংলাদেশ প্রজন্ম লীগ (ঢাকা মহানগর দক্ষিণ)-এর সভাপতি, কেরানীগঞ্জের একটি ব্যবসায়ী সংগঠনের সভাপতি এবং বরিশাল বিভাগীয় একটি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের তথ্য নথিবদ্ধ করা হয়েছে। তাঁর স্থায়ী ঠিকানা বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামে এবং বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর।
সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা এই পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেন, কোনো ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই রাতের আঁধারে তাঁকে তুলে নেওয়া হয়। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলকভাবে তাঁকে এ ধরনের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দাবি করে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান তাঁরা।



















