সীমান্তের দুর্গম গ্রামে ডায়রিয়ার প্রকোপ, দ্রুত চিকিৎসায় ৫৭ বিজিবি
- Update Time : ০৫:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ Time View

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী মদক ভিতরপাড়া গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ ঘটনায় থুই মা চিং মার্মা (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই এলাকায় আরও কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
১৯ সেপ্টেম্বর ভোরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যুর খবর পাওয়ার পর পরিস্থিতি দেখতে এবং আক্রান্তদের জরুরি চিকিৎসা দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর মদক বিওপির একটি দল।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থলে গিয়ে কয়েকজন ডায়রিয়া আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের কার্যক্রম শুরু হয়।
দুর্গম সীমান্ত এলাকার স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা সহায়তার ব্যবস্থাও করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসা অব্যাহত রয়েছে।
এদিকে পরিস্থিতি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসাসেবা জোরদার করতে ২০ সেপ্টেম্বর ৫৭ বিজিবির মেডিকেল অফিসারের নেতৃত্বে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ আরও একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্গম সীমান্ত এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার মধ্যেই ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং স্বাস্থ্য বিভাগের সমন্বিত তৎপরতা জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



















