রুপালি স্বপ্নে অভয়নগর: চার চাষির সাফল্যে মৎস্য পক্ষের নতুন বার্তা
- Update Time : ১১:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৯ Time View

পুকুরে মাছ, চাষির মুখে হাসি—মাছের উৎপাদন বাড়িয়ে স্বনির্ভরতার স্বপ্নকে সামনে রেখে যশোরের অভয়নগরে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার (১৬ আগস্ট) র্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের সম্মাননা ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে মৎস্য পক্ষের কর্মসূচি শুরু হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ‘জাতীয় মৎস্য পক্ষ সফল হোক’ স্লোগানে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এতে অংশ নেন স্থানীয় মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এবং জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির বাস্তবায়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. মহিউল ইসলাম ও সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। দেবাশীষ দাস নান্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার।
চার চাষির চার সাফল্যের গল্প আলোচনা সভার একপর্যায়ে মৎস্যচাষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চারজন সফল চাষির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র। তাঁদের প্রত্যেকের মৎস্যচাষের ক্ষেত্রও ছিল আলাদা। কাজী নিজাম উদ্দিন সুরুজ সম্মাননা পেয়েছেন গলদা ও কার্প মিশ্র চাষে সাফল্যের জন্য।
মোশারফ হোসেন আকুঞ্জী পুরস্কৃত হয়েছেন কার্পজাতীয় মাছের নার্সারি পরিচালনায় বিশেষ অবদানের জন্য।
শরিফুল ইসলাম সম্মাননা পেয়েছেন দেশি টেংরা ও গুলশা মাছ চাষে সাফল্যের জন্য। আর মো. নূরজালাল পেয়েছেন সমাজভিত্তিক মৎস্যচাষ—কোটা চাতরা মৎস্য প্রকল্পে বিশেষ অবদানের স্বীকৃতি। চার চাষির হাতে সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে উঠে আসে স্থানীয় পর্যায়ে মৎস্যচাষের সম্ভাবনা ও সফলতার চিত্র। একদিকে গলদা-কার্পের মিশ্র চাষ, অন্যদিকে মাছের নার্সারি, দেশি প্রজাতির মাছ চাষ কিংবা সমাজভিত্তিক উদ্যোগ—বিভিন্ন ধারার মৎস্যচাষ যে কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার খুলছে, তারই প্রতিফলন দেখা যায় তাঁদের সাফল্যে। অনুষ্ঠান শেষে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। আয়োজকদের প্রত্যাশা, মৎস্যচাষিদের সাফল্যকে সামনে এনে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি আধুনিক, লাভজনক ও টেকসই মৎস্যচাষ সম্প্রসারণে জাতীয় মৎস্য পক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















