গাজীপুর শিমুলতলীতে অটোচালকদের স্বেচ্ছাচারিতা: সর্বনিম্ন ১০ টাকা ভাড়ার দাবিতে যাত্রী জিম্মি, নেপথ্যে স্ট্যান্ডের চাঁদাবাজি
- Update Time : ০১:৫৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৪৮ Time View

গাজীপুরের ব্যস্ততম শিমুলতলী এলাকায় ব্যাটারিচালিত অটোচালকদের চরম স্বেচ্ছাচারিতা ও বেপরোয়া আচরণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা দাবি করে সাধারণ যাত্রীদের অটোতে তুলতে অস্বীকৃতি জানাচ্ছেন চালকরা। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ৫ টাকা ভাড়ার গন্তব্যেও এখন জোরপূর্বক ১০ টাকা আদায় করা হচ্ছে। ৫ টাকা ভাড়া দিলে যাত্রী নিতে অনীহা প্রকাশ করছেন তারা, যা নিয়ে প্রতিদিন পথচারী ও যাত্রীদের সাথে চালকদের বাকবিতণ্ডা লেগেই রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, অটোচালকদের এই নৈরাজ্যের পেছনে মূল কারণ শিমুলতলী অটো স্ট্যান্ডের মাত্রাতিরিক্ত চাঁদাবাজি। স্থানীয় একটি প্রভাবশালী মহল স্ট্যান্ড পরিচালনার নামে প্রতিটি অটোরিকশা থেকে দৈনিক ও মাসিকভাবে মোটা অঙ্কের চাঁদা আদায় করছে। চাঁদার টাকা তুলতে গিয়ে চালকরাও বাড়তি ভাড়ার বোঝা চাপিয়ে দিচ্ছেন সাধারণ যাত্রীদের ওপর। ফলে স্ট্যান্ডের এই বেআইনি ভর্তুকি ও চাঁদাবাজির সরাসরি শিকার হচ্ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবী যাত্রীরা।
ভুক্তভোগী এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “অল্প একটু দূরত্বের জন্য আগে আমরা ৫ টাকা ভাড়া দিতাম। অথচ এখন ১০ টাকার নিচে চালকরা কোনো যাত্রী তোলে না। প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই।”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে শিমুলতলী অটো স্ট্যান্ডের এই অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং নির্ধারিত ও যুক্তিসঙ্গত ভাড়া পুনর্নির্ধারণ করে সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করতে হবে। তা না হলে এই ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে।




















