চলন্ত ট্রেনের ৩ বগি রেখেই ২ কিলোমিটার চলে গেল ইঞ্জিন! গফরগাঁওয়ে চরম আতঙ্ক
- প্রকাশের সময় : ০৭:২৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 36

চলন্ত ট্রেনের বগি পেছনে ফেলে ইঞ্জিন চলে গেল প্রায় দুই কিলোমিটার সামনে! সিনেমাটিক ও অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমন এক রোমহর্ষক ঘটনার সাক্ষী হলো ময়মনসিংহের গফরগাঁও। ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে।
রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি মশাখালী অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ একটি বিকট শব্দে ট্রেনের পেছনের তিনটি বগির সংযোগকারী হুক ভেঙে যায়। তবে বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পাননি চালক (লোকোমাস্টার)। ফলে বিচ্ছিন্ন হওয়া ৩টি বগি ও বিপুলসংখ্যক যাত্রী লাইনের ওপর দাঁড়িয়ে থাকলেও ইঞ্জিনসহ ট্রেনের বাকি অংশ প্রায় দুই কিলোমিটার সামনে এগিয়ে যায়।
পরবর্তীতে যাত্রীদের চিৎকার ও পেছনের বগি না থাকার বিষয়টি নজরে এলে চালক দ্রুত ট্রেন থামান। চলন্ত অবস্থায় এভাবে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় চিৎকার শুরু করেন। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বগি বিচ্ছিন্নের কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। পরবর্তীতে রেলওয়ের প্রকৌশলী ও টেকনিশিয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ক্ষতিগ্রস্ত হুক মেরামত করেন। এরপর বিচ্ছিন্ন হওয়া বগিগুলো পুনরায় ইঞ্জিনের সাথে যুক্ত করা হলে প্রায় এক ঘণ্টা পর এই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


























