ঢাকার চারপাশে চালু হতে পারে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা
- প্রকাশের সময় : ০৮:১৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 32

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা। ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করে নদীপথে যাত্রী পরিবহনের নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নদীর তীর সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ, আধুনিক নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আয়োজনে ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব পরিকল্পনার কথা জানান নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে রাজধানী ঘিরে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
তিনি আরও জানান, নদীদূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থান থেকে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসার সমন্বয়ে বর্জ্যের উৎস নিয়ন্ত্রণে কার্যক্রম চলছে।
পরিকল্পনা অনুযায়ী, নতুন নৌরুট চালুর পাশাপাশি আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণ করা হবে। এসব ঘাট ও স্টেশনকে সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে সমন্বিত করার কথাও জানিয়েছেন মন্ত্রী।
তবে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ এবারই প্রথম নয়। অতীতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াতে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের অনাগ্রহ তৈরি হয়েছিল। এবার এসব প্রতিবন্ধকতা দূর করে নৌপথকে জনপ্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের বিকল্প সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনাও রয়েছে।
তবে নগরবাসীর প্রত্যাশা—পরিকল্পনা যেন শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ঢাকার নদীগুলো ফিরে পাক প্রাণ, আর যানজটের নগরীতে তৈরি হোক নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের নতুন পথ।



























