চট্টগ্রামের তিন সড়কে বসছে ৭টি স্পিড ক্যামেরা, নিয়ন্ত্রণে আসবে বেপরোয়া গতি
- প্রকাশের সময় : ০৭:০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 48

অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বন্ধ ও দুর্ঘটনা কমাতে সিএমপির উদ্যোগ; পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে বায়েজিদ লিংক রোড, আউটার রিং রোড ও শাহ আমানত সেতু সংযোগ সড়কে।
চট্টগ্রাম নগরীতে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রাথমিকভাবে নগরীর গুরুত্বপূর্ণ তিনটি সড়কে পরীক্ষামূলকভাবে যানবাহনের গতিসীমা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালু করতে যাচ্ছে সংস্থাটি। এ কাজে ব্যবহার করা হবে সাতটি আধুনিক লেজার স্পিড ক্যামেরা।
সিএমপির এই পাইলট প্রকল্পের আওতায় রয়েছে বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু সংযোগ সড়ক। এসব সড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রমকারী যানবাহন শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিএমপি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক এক গবেষণায় চট্টগ্রামের ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচলের তথ্য উঠে এসেছে। অতিরিক্ত গতির কারণে নগরীতে প্রতিবছর প্রায় ১০০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রাণঘাতী দুর্ঘটনা কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে গত ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। প্রশিক্ষণ শেষে সংস্থাটির পক্ষ থেকে সিএমপিকে সাতটি লেজার স্পিড ক্যামেরা হস্তান্তর করা হয়। এসব যন্ত্রের সাহায্যে চলন্ত যানবাহনের গতি পরিমাপ এবং নির্ধারিত সীমা অতিক্রমকারী গাড়ি শনাক্ত করা সম্ভব হবে।
প্রশিক্ষণে পুলিশ সদস্যদের ক্যামেরা পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ চেকপয়েন্ট স্থাপনের কৌশল শেখানো হয়। এর অংশ হিসেবে বায়েজিদ লিংক রোডে সাতটি দলে বিভক্ত হয়ে মাঠপর্যায়ে ক্যামেরা ব্যবহারের মাধ্যমে যানবাহনের গতি পরীক্ষা ও চেকপয়েন্ট পরিচালনার অনুশীলন করেন প্রশিক্ষণার্থীরা।
শুধু স্পিড ক্যামেরাই নয়, কার্যক্রম পরিচালনার জন্য জিআরএসপির পক্ষ থেকে আরও বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, আটটি সড়ক নির্দেশক সাইন, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, আটটি বহনযোগ্য স্পিড ব্রেকার এবং আটটি তাঁবু।
গত ১০ নভেম্বর চট্টগ্রামের একটি হোটেলে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। কর্মশালার সমাপনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সনদ তুলে দেন তিনি।
এ সময় সিএমপি কমিশনার বলেন, সড়কে আইন প্রয়োগ আরও কার্যকর করতে পুলিশ কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে দক্ষ হতে হবে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গতিসীমা নিয়ন্ত্রণের এই উদ্যোগ প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, জিআরএসপির দেওয়া সাতটি স্পিড ক্যামেরা যানবাহনের গতি শনাক্ত এবং অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াবে। এর মাধ্যমে সড়কে যানবাহনের গতিবিধি আরও সুশৃঙ্খলভাবে পর্যবেক্ষণ ও আইন প্রয়োগ করা সম্ভব হবে।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পল সিমক্স ও পিটার জোন্স।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খান, বিআইজিআরএস চট্টগ্রামের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর সুতপা তাসনিম এবং কমিউনিকেশন অফিসার মাহামুদুল হাসান।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে নগরীর অন্যান্য সড়কেও গতিসীমা নিয়ন্ত্রণ কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব হবে। এতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতা কমার পাশাপাশি সড়কে নিরাপত্তা বাড়বে।



























