বিজয়পুর সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে ভারতীয় চোরাই পণ্য,নির্বিকার বিজিবি।
- প্রকাশের সময় : ০৯:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 42

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর এলাকা দিয়ে প্রতিদিনই অবৈধ পথে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করছে।
স্থানীয়দের অভিযোগ, বিজয়পুর বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্পের ঠিক পাশের রুটগুলো ব্যবহার করেই চোরাকারবারিরা নির্বিঘ্নে এসব পণ্য পাচার করছে।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে তো বটেই, অনেক সময় দিনের আলোতেও সীমান্তের কাঁটাতারের ফাঁকফোকর ও অরক্ষিত পথ দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসছে চোরাকারবারি চক্র। পাচার হয়ে আসা এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় চিনি, কসমেটিকস, কাপড়, মসলা, মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী। সীমান্ত পার করার পর এসব পণ্য দুর্গাপুর উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিজয়পুর বিজিবি ক্যাম্পের অতি নিকটবর্তী এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে এই চোরাচালান চললেও তা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
স্থানীয়দের দাবি, ক্যাম্পের নাকের ডগায় এমন অবাধ চোরাচালান সীমান্তের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এতে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।
সচেতন মহলের মতে, সীমান্তে টহল জোরদার করা এবং চোরাকারবারি চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা জরুরি। তা না হলে সীমান্তের এই অবৈধ বাণিজ্য আরও ভয়াবহ রূপ নিতে পারে।























