বিপুল পরিমাণ হেরোইনসহ মেহেরপুরের ‘মাদক সম্রাট’ ঝন্টু ও তার ২ সহযোগী গ্রেপ্তার
- Update Time : ০৭:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ২৮ Time View

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের চিহ্নিত মাদক সম্রাট ও ব্যবসায়ী হিসেবে পরিচিত ঝন্টু বিশ্বাসকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক হেরোইনসহ আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। একই সাথে তার দুই সহযোগী শফিকুল ইসলাম পটল ও শামীম রেজাকেও গ্রেপ্তার করা হয়েছে।
গত রবিবার (১৯ জুলাই) দুপুরের দিকে কুলবাড়িয়া গ্রামের ঠাকুরপাড়ার নিজ বাসা থেকে বিক্রির জন্য হেরোইন প্যাকেজিং করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ঝন্টু বিশ্বাসের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিক ও পুলিশকে হত্যার হুমকি দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ঝন্টুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেরোইন প্যাকেজিং করা অবস্থায় ঝন্টু ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। ডোপ টেস্টে তাদের ফলাফল পজিটিভ এসেছে।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা (মামলা নং- ২৮/১৯৯) রুজু করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)-এর ৮(ক) ও ১৬/৩৮ ধারায় মামলা দায়ের শেষে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি হুমায়ুন কবীর জানান, এলাকাকে মাদকমুক্ত করতে ‘মাদক নির্মূল কমিটি’র সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















