পল্টন ট্র্যাজেডির বিচারের দাবিতে নকলায় জামায়াতের বিক্ষোভ ও আলোচনা সভা
- প্রকাশের সময় : ১১:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 26

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার নৃশংস হামলায় সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শেরপুরের নকলা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে নকলা পৌর শহরের প্রধান প্রধান সড়কে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন,২০০৬ সালের ২৮ অক্টোবর নারকীয় তাণ্ডব চালিয়ে পল্টনে নিরীহ ও পশুপাখির মতো মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এটি ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম কালো ও কলঙ্কিত অধ্যায়। বক্তারা অবিলম্বে পল্টন ট্র্যাজেডিসহ বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে সংঘটিত সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির জোর দাবি জানান।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পল্টন হত্যাকাণ্ডে শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।





















