শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ
- প্রকাশের সময় : ০৬:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 40

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট ছয় দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে এই নোটিশ পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য মো. মাহমুদুল হাসান মামুন (সদস্য আইডি: ৬২০২)।
মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে এই নোটিশের প্রাপক করা হয়েছে।
নোটিশের মূল বক্তব্য ও পটভূমি
আইনি নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। নোটিশদাতা উল্লেখ করেন, কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে-বিপক্ষে অবস্থান থেকে নয়; বরং সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার দায়িত্ববোধ থেকে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
নোটিশে জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে দীর্ঘদিন অবস্থানের ফলে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
এছাড়া এ ধরনের পরিস্থিতি থেকে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি ও সামরিক সংঘাতের আশঙ্কার কথাও তুলে ধরা হয় নোটিশে। উদাহরণ হিসেবে ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে আশ্রয় ও পরবর্তী আঞ্চলিক সংঘাত এবং ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর ক্রিমিয়া দখল ও দীর্ঘস্থায়ী সংঘাতের প্রসঙ্গ টেনে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এমন কোনো বৈরিতা তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
প্রস্তাবিত কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এবং পরবর্তী ব্যবস্থাপনার জন্য নোটিশে বেশ কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে:
কূটনৈতিক পত্র: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠিয়ে সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিক হিসেবে তার আইনের আশ্রয়লাভ ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে ভারত সরকারের সহযোগিতা চাওয়া।
আত্মসমর্পণ ও গ্রেপ্তার: ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিকভাবে অলঙ্ঘনীয় নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আনুষ্ঠানিক আত্মসমর্পণের সুযোগ তৈরি করা। সেখানে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ প্রশিক্ষিত দল তাকে গ্রেপ্তার করে আইনি হেফাজতে নেবে।
দেশে প্রত্যাবর্তন: হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ইস্যু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের সার্বক্ষণিক পাহারায় তাকে বাংলাদেশে আনা।
সাব-জেল ও নিরাপত্তা: কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত তার পৈতৃক বাসভবনকে বিশেষ ‘সাব-জেল’ বা উপ-কারাগার ঘোষণা করা। জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে সরাসরি তাকে সেখানে স্থানান্তর করা।
বিচারিক ও আপিল প্রক্রিয়া: দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুযায়ী উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার আবেদন সাপেক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সংবিধিবদ্ধ আপিলের অধিকার প্রয়োগের সুযোগ দেওয়া। এছাড়া আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বিরুদ্ধে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম পরিচালনা করা।
হাইকোর্টে রিট দায়েরের সতর্কতা
নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে অবহিত করার দাবি জানিয়েছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, গোপনীয়তা ও সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত মৌলিক অধিকার রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

























