হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত
- Update Time : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ২৫ Time View

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপিত হয়।
কর্মসূচির শুরুতে সকালে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ রাকিবুল হোসেনের কবরে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শহীদ রাকিবুলের কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কবর জিয়ারত শেষে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিশ বিন হাসান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এবং বাংলাদেশ বিএনপির হরিণাকুন্ডু উপজেলা শাখার সাধারন সম্পাদক তাইজাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিণাকুণ্ডু উপজেলা শাখার আমির বাবুল হোসাইন।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, শহীদ রাকিবুলের পিতা-মাতা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের স্মৃতি চারণ করেন এবং শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



















