আইসিইউতে নিতে ‘নোংরা শরীর’ অজুহাতে বিলম্বের অভিযোগ, নারায়ণগঞ্জে রোগীর মৃত্যু
- Update Time : ০৬:৩৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ Time View

নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে গুরুতর অসুস্থ এক রোগীকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরে সময়ক্ষেপণের কারণে মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম নূর আলম। স্বজনদের দাবি, চিকিৎসকরা আইসিইউতে স্থানান্তরের নির্দেশ দেওয়া সত্ত্বেও কেবল ‘শরীর নোংরা’—এই অজুহাতে রোগীকে প্রায় ২০ মিনিট আটকে রাখা হয়।
নিহতের স্বজনরা জানান, নূর আলমের শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। তবে আইসিইউতে নেওয়ার প্রাক্কালে দায়িত্বপ্রাপ্তরা শরীর পরিষ্কার করার কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। স্বজনদের অভিযোগ, মুমূর্ষু অবস্থায় যেখানে এক মুহূর্তও অত্যন্ত মূল্যবান, সেখানে প্রায় ২০ মিনিট ধরে তাকে আইসিইউতে নিতে বিলম্ব করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসাসেবার আওতায় নেওয়ার আগেই নূর আলম মারা যান।
জরুরি চিকিৎসায় এ ধরনের অবহেলা ও অনাকাঙ্ক্ষিত বিলম্ব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার। সংকটাপন্ন অবস্থায় কেন আইসিইউতে নিতে দেরি করা হলো—তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
অন্যদিকে চিকিৎসায় অবহেলার এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, রোগীর চিকিৎসায় কোনো ধরনের ত্রুটি বা অবহেলা ছিল না এবং নিয়ম মেনেই সেবা দেওয়া হচ্ছিল।
ঘটনা ঘিরে স্বজনদের অভিযোগ ও হাসপাতাল কর্তৃপক্ষের পরস্পরবিরোধী বক্তব্যের জেরে প্রকৃত ঘটনা এবং চিকিৎসাগত কোনো গাফিলতি ছিল কি না, তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।









