জনসেবার অঙ্গীকার নিয়ে বাইশআরির চেয়ারম্যান পদে লড়তে চান জসিম উদ্দিন
- Update Time : ০৭:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ৩৭ Time View

আজিজুল হাকিম তুহিন,বিশেষ প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় জনপ্রিয় ব্যক্তিত্ব জসিম উদ্দিন। তাঁর নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ কার্যক্রমকে কেন্দ্র করে ইতোমধ্যে ইউনিয়নজুড়ে ভোটারদের মাঝে ব্যাপক আলোচনা, উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জসিম উদ্দিন বাইশারী ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার কারণে তিনি এলাকায় একজন গ্রহণযোগ্য ও জনমুখী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে জসিম উদ্দিন বলেন, বাইশারী ইউনিয়নের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, অবহেলিত এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন পরিষদ গঠন এবং তরুণদের কর্মমুখী উদ্যোগে সম্পৃক্ত করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের ভালোবাসা ও আস্থার শক্তিতেই আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে তাঁর নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও বাজারে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
বাইশারী বাজারের ব্যবসায়ী আবু তাহের বলেন, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তিনি নির্বাচনে এলে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে।
স্থানীয় যুবক সাইফুল ইসলাম , তরুণদের জন্য কাজ করতে পারে এবং উন্নয়ন নিয়ে স্পষ্ট পরিকল্পনা আছে—এমন একজন নেতৃত্ব ইউনিয়নের প্রয়োজন। জসিম উদ্দিন সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে আমরা মনে করি।
বাইশারী এলাকার প্রবীণ মুরব্বি ফরিদুল আলম মেম্বার বলেন, আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং দ্রুত সমস্যার সমাধানে কাজ করবেন। জসিম উদ্দিনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।
সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর নেতৃত্ব এখন সময়ের দাবি। এ কারণে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জসিম উদ্দিনকে নিয়ে সাধারণ ভোটারদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, বাইশারী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন ততই সরগরম হয়ে উঠছে। তবে সাধারণ ভোটারদের অভিমত, জনপ্রিয় ও পরিচিত মুখ হিসেবে জসিম উদ্দিন মাঠে থাকায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, উৎসবমুখর ও আকর্ষণীয়।


















