কুলাউড়ায় ২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হিরন মিয়া আটক, আদালতে সোপর্দ
- Update Time : ১০:১৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ৩০ Time View

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্থানীয় যুবসমাজের সহায়তায় ২৫ পিস ইয়াবাসহ হিরন মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত বুধবার রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের রসুলপুর বাজার ডুলিপাড়া প্রধান সড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত হিরন মিয়া ৮ নম্বর রাউৎগাঁও ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে ডুলিপাড়া বাজার এলাকায় হিরন মিয়ার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় যুবসমাজ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই অলকের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাসহ আসামিকে হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই আক্তারের ওপর। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আটককৃত আসামিকে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলেও থানা সূত্রে জানানো হয়।



















