পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর
- Update Time : ০৯:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ২৫ Time View

গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের হাড়িনাল-আফারখোলা এলাকায় পরকীয়া সংক্রান্ত দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শারমিন নামে এক নারীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী আবিদকে প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে একই এলাকায় বসবাস করছিলেন আবিদ ও শারমিন। তবে কিছুদিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি স্ত্রীকে মোবাইল ফোনে পরপুরুষের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখেন আবিদ। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়।
শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টার পর আবিদ ঘুমিয়ে পড়লে শারমিন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। ঘটনার পরপরই শারমিন স্বামীর দুটি মোবাইল ফোন এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যান বলে স্বজনদের অভিযোগ।
পরে আবিদের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হয়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত শারমিন পলাতক থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



















