মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়: সোনাখাড়ায় রনি তালুকদারের গণসংযোগ তুঙ্গে
- Update Time : ০৪:১০:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২ নম্বর সোনাখাড়া ইউনিয়নে নির্বাচনী আমেজ জমে উঠেছে। এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমে ব্যাপক গণসংযোগ ও ধারাবাহিক মতবিনিময়ের মাধ্যমে এলাকায় শক্ত অবস্থান তৈরি করেছেন রায়গঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার।
প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। নিয়মিত আয়োজন করছেন উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ কর্মসূচি। এ সময় তিনি কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলে স্থানীয় সমস্যার খোঁজখবর নিচ্ছেন এবং তাদের মতামত শুনছেন।
স্থানীয়দের মতে, রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার একজন তরুণ, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির সংগঠক। দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষাবান্ধব উদ্যোগ এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।
নিজের উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার বলেন, “আমি সোনাখাড়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই। ইউনিয়ন পরিষদ হবে শতভাগ দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্র। নির্বাচিত হলে গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, কৃষকদের সহায়তা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে সমাজকে মাদকমুক্ত করতে কার্যকর সামাজিক পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।”
পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক পটভূমির কারণেও এলাকায় তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। তাঁর দাদা মরহুম মিজানুর রহমান তালুকদার সোনাখাড়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান, নিমগাছি অনার্স কলেজের প্রতিষ্ঠাতা এবং উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পরবর্তীতে তাঁর বাবা মরহুম আতাউর রহমান তালুকদারও সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি এবং রাজপথের সক্রিয় কর্মী হিসেবে আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী রনি তালুকদার। স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলের ধারণা, পারিবারিক পরিচিতি, তরুণ নেতৃত্বের গতিশীলতা এবং ধারাবাহিক গণসংযোগের কারণে সোনাখাড়ার নির্বাচনী মাঠে তিনি ইতিবাচক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।



















