শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- Update Time : ১১:৩৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ২৭ Time View

মোঃ আজিজুর রহমান বিশেষ প্রতিনিধি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ (NTRCA)-এর হাত থেকে সরিয়ে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক (সালাম হল, মালেক হল, শান্তিনিকেতন ও গ্যারেজ এলাকা) প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
শিক্ষার্থীদের স্লোগান ও ক্ষোভ
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাদের কণ্ঠে উল্লেখযোগ্য স্লোগানগুলো ছিল—
”টাকা না মেধা, মেধা মেধা”
”নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”
”কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে”
”চাচা না চাকরি? চাকরি চাকরি”
”২৪-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার”
”আবু সাঈদ, মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ”
বক্তাদের বক্তব্য
জিহাদুল ইসলাম রাফি (শিক্ষার্থী, সমুদ্রবিজ্ঞান বিভাগ):
”আমরা আমাদের মামা-খালুদের সময় দেখেছি টাকা বা কমিটির মাধ্যমে স্কুল-কলেজগুলোতে নিয়োগ দেওয়া হতো, যা পরবর্তীতে এনটিআরসিএর মাধ্যমে মেধার ভিত্তিতে হওয়া শুরু হয়। কিন্তু এখন আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটির কাছে নিয়োগ ফিরিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে। সারা বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা তা কোনোভাবেই মেনে নেবে না। শিক্ষক নিয়োগ অবশ্যই এনটিআরসিএর মাধ্যমেই হতে হবে।”
আব্দুর রহমান (সেক্রেটারি, নোবিপ্রবি ছাত্রশিবির ও শিক্ষার্থী, এসিসিই বিভাগ):
”শিক্ষকতা কোনো ছিনিমিনি খেলার বিষয় নয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মেধাবী শিক্ষকদের চাকরির জন্য রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে বা কারো কাছে ধর্না দিতে হবে, যা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। সরকারকে বলবো, এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে দ্রুত সরে আসুন। অন্যথায় ২৪-এর মতো দেশের ছাত্রসমাজ আবারও রাজপথে জাগ্রত হবে।”
উল্লেখ্য, সোমবার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ-এর নিকট থেকে সরিয়ে তা গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির নিকট ন্যস্ত করার বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত সিদ্ধান্তের প্রতিবাদেই রাতেই রাজপথে নেমে আসেন নোবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।



















