নেত্রকোণায় পুলিশ সুপারের কালীপূজা মণ্ডপ পরিদর্শন: আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা
- প্রকাশের সময় : ০৮:৫৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 68

শ্রী শ্রী কালীপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোণা সদর থানার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম। গতকাল রবিবার (০৮ নভেম্বর) তিনি মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার মণ্ডপের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে পূজা সম্পন্ন করার লক্ষ্যে মণ্ডপে দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার সদস্যদের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জনাব মোঃ তরিকুল ইসলাম পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পূজার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু সুন্দর আয়োজনের বিষয়ে তিনি কমিটির সাথে মতবিনিময় করেন।
পুলিশ সুপার বলেন, “কালীপূজা যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে এই আয়োজনকে সফল করতে সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।” এ সময় তিনি সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহাবস্থান এবং সামাজিক ঐক্যকে আরও সুদৃঢ় করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























