পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক আন্দোলনের পর নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা চলছে।
- প্রকাশের সময় : ০৫:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 43

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ব্যয় বৃদ্ধির চাপে ন্যায্য মজুরির দাবিতে আবারও আলোচনায় দেশের তৈরি পোশাকশিল্প। শ্রমিকদের আন্দোলনের পর নতুন বেতন কাঠামো নির্ধারণে কাজ শুরু করেছে সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠককে কেন্দ্র করে শ্রমিকপক্ষের বিভিন্ন সংগঠন নতুন বেতন কাঠামোর প্রস্তাব তুলে ধরেছে।
ইউএনবির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি শ্রমিক জোটের পক্ষ থেকে ৫৫টি নিবন্ধিত শ্রমিক ট্রেড ইউনিয়নের সমর্থনে মাসিক ন্যূনতম ৩২ হাজার ১৩১ টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে ন্যূনতম ৩৭ হাজার টাকা বেতনের দাবি জানানো হয়েছে।
এর আগে শ্রমিকরা বর্তমান ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আন্দোলন করেন।
আন্দোলনের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের প্রথম বৈঠকে ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা একমত হন। সে অনুযায়ী জানুয়ারি মাসে নতুন কাঠামোর বেতন পাওয়ার কথা রয়েছে।
এদিকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ কিছুটা কমলেও কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং শিল্পকারখানায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে কার্যকর সমঝোতা জরুরি।



























