কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের বক্তব্য, ‘শিক্ষকরাই জাতি গঠনের কারিগর’
- প্রকাশের সময় : ০৯:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 31

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের
বক্তব্য, ‘শিক্ষকরাই জাতি গঠনের কারিগর’
বিশেষ প্রতিনিধি :
বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একটি শিক্ষিত, নৈতিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। হাবিবুল ইসলাম হাবিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক সমাজের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, শামসুল হক, নিগার সুলতানা, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ শাহী।
#কলারোয়া #শিক্ষক #জাতিগঠন #জেলা_পরিষদ #হাবিব #শিক্ষাব্যবস্থা #শিক্ষার_উন্নয়ন #শিক্ষকসমাজ #সাতক্ষীরা #DailyJessore

























