পঞ্চগড়ে খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য বন্ধের দাবি সচেতন নাগরিক সমাজের।
- Update Time : ০২:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৭৬ Time View

পঞ্চগড়ে খেলাধুলা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডের কারণে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন আয়োজনের মূল উদ্দেশ্য খেলাধুলা, বিনোদন বা সামাজিক অনুষ্ঠান হলেও কিছু ক্ষেত্রে সেখানে অশালীন নৃত্য ও আপত্তিকর বিনোদনের আয়োজন করা হচ্ছে। এসব অনুষ্ঠান দেখতে শিশু কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত থাকায় তাদের ওপর এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন অভিভাবক ও সচেতন মহল।
সচেতন নাগরিকরা বলছেন, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু এসব আয়োজনের আড়ালে যদি অশালীন কর্মকাণ্ড পরিচালিত হয়, তাহলে তা সমাজের স্বাভাবিক মূল্যবোধ ও পারিবারিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তারা আরও বলেন, বিনোদনের নামে কোনো আয়োজন যাতে সামাজিক শালীনতা ও নৈতিকতার সীমা অতিক্রম না করে, সে বিষয়ে আয়োজকদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনেরও নজরদারি প্রয়োজন।
পঞ্চগড়ের সচেতন নাগরিকরা খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠানের নামে অশালীন কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে যথাযথ নজরদারির দাবি জানিয়েছেন।




















