কোনাবাড়ি-কালিয়াকৈরে তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪ লাখ ৩০ হাজার
- Update Time : ০৭:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৪১ Time View

গাজীপুরের কোনাবাড়ি ও কালিয়াকৈরে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা এনএসআই, গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান।
জানা গেছে, দুপুরে কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকার নছের মার্কেটের পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে মাসকো নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদনহীনভাবে সার উৎপাদন ও কীটনাশক বোতলজাত করার অভিযোগ পাওয়া যায়।
এছাড়া চক মাটি দিয়ে সার তৈরি করে প্রস্তুতকারক হিসেবে ভারত, চীনসহ বিভিন্ন দেশের নাম ব্যবহারের অভিযোগও ওঠে।
এসব অভিযোগে বিএসটিআইয়ের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা, মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, বিকেলে কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর বরাব এলাকায় বিনিময় ফিডস লিমিটেড কারখানায় অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটিতে লাইসেন্সবিহীনভাবে মুরগির খাদ্য উৎপাদন ও বিপণনের অভিযোগ পাওয়া যায়। অভিযানে প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা এবং প্যাকেজিং ও মান নিয়েও অনিয়মের অভিযোগ উঠে।
এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকার মেসার্স দেশ ট্রেডিং নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনুমোদনহীনভাবে চক মাটি দিয়ে মাছের ওষুধ ও গুটি সার তৈরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় বিএসটিআইয়ের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(২) ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনটি প্রতিষ্ঠানে পরিচালিত পৃথক অভিযানে সর্বমোট ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




















