ওয়াজ শুনতে আসা সব মানুষ ভোটার নয়’: আফম খালিদের রাজনৈতিক সতর্কবার্তা
- Update Time : ১০:৫১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৪২ Time View

ওয়াজের মাহফিলে ব্যাপক জনসমাগম হলেই তা ভোটের বাক্সে রূপান্তরিত হবে—এমন ভাবাকে বড় ধরনের রাজনৈতিক ভুল হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বাস্তবমুখী রাজনৈতিক কৌশলের তাগিদ দিয়ে তিনি বলেন, “ওয়াজের মাঠে লাখ লাখ মানুষ আমাদের বয়ান শুনে, কিন্তু তারা তো আমার ভোটার নয়। এখানেই আমাদের বড় ভুল। বুঝতে হবে, ওয়াজ শুনতে আসা সব শ্রোতা কখনো ভোটার হয় না। তাই আবেগে না ভেসে জনগণের প্রকৃত চাহিদা বুঝতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।”
জামায়াতে ইসলামীকে বাইরে রেখে ইসলামপন্থী দলগুলোর নির্বাচনী সম্ভাবনার তীব্র সমালোচনা করে তিনি বলেন, “জামায়াতকে বাদ দিয়ে সব ইসলামী দল মিলে ভোট করলেও ৫ শতাংশের বেশি ভোটার পাওয়া যাবে না। তাই ফাঁকা আওয়াজ বা লম্বা লম্বা কথা বলে লাভ নেই। বাস্তবতা হলো, জামায়াতকে বাদ দিয়ে ইসলামপন্থীদের ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।”
দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে সাবেক এই উপদেষ্টা আরও মন্তব্য করেন, “বর্তমান পরিস্থিতিতে সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যেতে পারবে না। তাহলে এত আস্ফালন কীসের? তবে রাজনৈতিক পরিস্থিতি যদি বদলায়, তখন বিষয়টি ভিন্ন হতে পারে। আমার ধারণা ও প্রত্যাশা, ২০৩১ সালের মধ্যে এই সামগ্রিক পরিস্থিতি বদলে যেতে পারে।”




















