শখের গোখরা সাপই হলো কাল! কামড়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কাঠমিস্ত্রি ইকবাল
- Update Time : ১১:০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ১৬ Time View

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখের বসে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষতে গিয়ে সেই সাপের কামড়েই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ইকবাল হোসেন (৪৫) নামের এক কাঠমিস্ত্রি। বর্তমানে তিনি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার নিজ বাড়িতে সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন ইকবাল। এ সময় হঠাৎ করেই সাপটি তার হাতে কামড় দেয়। এতে দ্রুত অসুস্থ হয়ে পড়লে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা ও লক্ষণ দেখে এটি বিষধর সাপের কামড় হিসেবে নিশ্চিত করেন এবং দ্রুত অ্যান্টিভেনাম প্রয়োগ শুরু করেন।
ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, তার স্বামীর পাখি পালনসহ বিভিন্ন প্রাণী লালন-পালনের প্রবল শখ ছিল। এরই অংশ হিসেবে কয়েক মাস আগে বিল থেকে একটি গোখরা সাপ ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষধর সাপটি বাড়িতে না পুষতে রিনা বারবার নিষেধ করলেও তিনি তা শোনেননি। এ নিয়ে তাদের মধ্যে বিরোধও হয়েছিল। শেষ পর্যন্ত স্ত্রীর সেই নিষেধই সত্যি হলো এবং সাপের কামড়েই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বিছানায় পড়তে হলো ইকবালকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইসতেহার জানান, রোগীর অবস্থার অবনতি হওয়ায় প্রথমে ১০ ভায়াল এবং পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় ২য় ডোজ অ্যান্টিভেনাম দেওয়া হয়েছে। তিনি এখনও শঙ্কামুক্ত নন। রোগীর অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে সর্বশেষ চেষ্টা হিসেবে ৩য় ডোজ (প্রতি ডোজে ১০ ভায়াল) অ্যান্টিভেনাম দেওয়া লাগতে পারে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত রোগীর বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।



















