খাগড়াছড়িতে পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: জনবান্ধব পুলিশিং জোরদারের আহ্বান ডিআইজির
- Update Time : ০৬:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ২৩ Time View

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। এতে পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা, সততা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা তাদের পেশাগত সমস্যা ও দাবি-দাওয়া ডিআইজির সামনে তুলে ধরেন। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী অত্যন্ত মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো বিধি অনুযায়ী সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি নিষ্ঠা, সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের আহ্বান জানান। তিনি বলেন, মাঠপর্যায়ের নানা সমস্যা ও প্রতিবন্ধকতা নিরসন করে জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
সভা শেষে ডিআইজি খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করেন। এ সময় তিনি অস্ত্র, গোলাবারুদ ও সংশ্লিষ্ট সরঞ্জামাদির যথাযথ সংরক্ষণ, সঠিক রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জ, সর্বস্তরের পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।




















