ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় মুবিনের দুই পা বিচ্ছিন্ন: পাশে দাঁড়ালেন ইউপি সদস্য নাঈমুল ইসলাম, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
- Update Time : ০৬:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ৭৮ Time View

ইউসুফ চৌধুরী বিল্লু, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. মুবিন নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত মো. মুবিন ঈদগাঁও উপজেলার ৩নং ইসলামাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় মুবিনের দুই পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং কেবল চামড়ার সঙ্গে ঝুলে থাকে। দুর্ঘটনাকবলিত পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার দুই পায়ে ব্যান্ডেজ ও প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
এই চরম সংকটাপন্ন মুহূর্তে মুবিনের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন স্থানীয় ইউপি সদস্য হাফেজ মো. নাঈমুল ইসলাম। তার আন্তরিক উদ্যোগে ইসলামাবাদ শাহ্ ফকির বাজার থেকে স্থানীয়দের সহযোগিতায় সর্বমোট ১১,৭৭৫ টাকা আর্থিক অনুদান সংগ্রহ করা হয়। সংগৃহীত এই অর্থ তিনি সরাসরি মুবিনের পরিবারের হাতে হস্তান্তর করেন।
এ বিষয়ে ইউপি সদস্য মো. নাঈমুল ইসলাম বলেন, “মুবিন আমাদের ওয়ার্ডের সন্তান। এই কঠিন ও মানবিক বিপর্যয়ে আমরা তার পরিবারের পাশে দাঁড়িয়েছি। মহান আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা কামনা করি এবং সমাজের বিত্তবানদের প্রতি মুবিনের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।”
এদিকে মুবিনের উন্নত ও দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ বহন করা তার দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশের সর্বস্তরের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্য ও দোয়া প্রার্থনা করা হয়েছে।
আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
মুবিনের স্ত্রী: 01939228813 (বিকাশ)
খালাতো ভাই: 01690124832
ইউপি সদস্য (মো. নাঈমুল ইসলাম): 01834211180
মুবিনের চিকিৎসার স্বার্থে তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।



















