ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ
- Update Time : ০৬:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ৩০ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৪টায় শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে মো. শামীম তালুকদার প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে জেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে মো. রবিউল হোসেন তুহিন আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক সাজু, মো. জহিরুল ইসলাম বাদল, মো. আব্দুল ওহাব হিরু, মো. তাজুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মো. ইয়াসিন আরাফাত মিঠু ও মো. রুবেল ফকির।
পৌর যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. রিয়াজ মুন্সী, সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম হাসান বাবু। এছাড়া উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. পারভেজ, সদস্য সচিব মো. নাজমুল হাসান এবং নলছিটি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিঠু ও সদস্য সচিব পলাশ সজ্জনসহ জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।



















