পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ও ফগার মেশিনে মশক নিধন কর্মসূচি
- Update Time : ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৩৯ Time View

দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ নম্বর ওয়ার্ডের পলাশনগর আবাসিক এলাকায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশক নিধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পল্লবী থানা শাখা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্দেশনায় শুক্রবার (০৯ অক্টোবর) এ কর্মসূচি সম্পন্ন হয়।
কর্মসূচির আওতায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি, মশার বংশবিস্তার রোধে জামায়াতে ইসলামীর নিজস্ব ফগার মেশিনের মাধ্যমে পুরো এলাকায় মশার ওষুধ স্প্রে করা হয়।
পল্লবী থানা জামায়াতের আমীর রইসূল ইসলামের সভাপতিত্বে এবং ডিএনসিসির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পল্লবী জোন পরিচালক নাসির উদ্দিন। এছাড়াও পলাশনগর ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজ হোসেন এবং পেশাজীবী ওয়ার্ড সভাপতি মো. লোকমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করীম বলেন, “বর্তমানে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে, অথচ ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন ও সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। এই সংকট মোকাবিলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে সারা দেশে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশক নিধন অভিযান পরিচালনা করছে।”
জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়ে তিনি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূলেও সরকারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।
ক্যাম্পেইন শেষে পলাশনগর আবাসিক এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। জনবান্ধব এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।




















