বালু অপসারণের নামে কৃষিজমি কাটার অভিযোগ, হুমকিতে নদীপাড়ের জনপদ
- প্রকাশের সময় : ০১:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 41

সিরাজগঞ্জে নদী খননের পর উত্তোলিত বালু অপসারণের নামে নিলামে বিক্রি করা হয়েছে রাষ্ট্রীয় সম্পদ। কিন্তু সেই বালু সরানোর আড়ালে নতুন করে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার দিয়ে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি ও বালু। কোথাও তৈরি হয়েছে ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত, কোথাও আবার বিস্তীর্ণ কৃষিজমি পরিণত হয়েছে বালুর স্তূপে। এতে একদিকে কমছে কৃষিজমি, অন্যদিকে নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার মানুষ।
জেলার কামারখন্দ উপজেলার ঝাটিবেলাই ইউনিয়নের নূরনগর এলাকায় সরেজমিনে দেখা গেছে, বালু অপসারণের নামে ড্রেজার দিয়ে জমি খনন করা হচ্ছে। কোথাও গভীর গর্তের সৃষ্টি হয়েছে, আবার কোথাও কৃষিজমির ওপর জমে আছে বালুর বিশাল স্তূপ। শুধু নূরনগর নয়, জেলার আলোকদিয়া, বরহরসহ বিভিন্ন চরাঞ্চলেও বালু অপসারণের নামে নতুন করে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিলামের মাধ্যমে বালু অপসারণের দায়িত্ব পাওয়া ব্যক্তিরা নির্ধারিত স্থানে স্তূপ করে রাখা বালু সরানোর পরিবর্তে নতুন করে বালু উত্তোলন করছেন। এ জন্য ড্রেজার দিয়ে ফসলি জমি গভীরভাবে কেটে নেওয়া হচ্ছে। কোথাও কোথাও ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত তৈরি করা হয়েছে। এতে কৃষিজমি হারানোর পাশাপাশি আশপাশের বসতভিটা ও জনপদ নদীভাঙনের ঝুঁকিতে পড়ছে।
চুক্তি অনুযায়ী উত্তোলিত বালুর ৫০ শতাংশ জমির মালিকদের এবং বাকি ৫০ শতাংশ রাষ্ট্রের পাওয়ার কথা। তবে বালু অপসারণের জন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসতে থাকে। নিলামের শর্তে নির্দিষ্ট বিধিনিষেধ থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকার একাধিক বাসিন্দা জানান, বালু বিক্রি করে কিছু অর্থ পাওয়া গেলেও এর বিনিময়ে তাঁদের কৃষিজমি ও বসতভিটা ঝুঁকির মুখে পড়ছে। তাঁদের ভাষ্য, টাকা দিয়ে কী হবে, যদি গ্রামেরই ক্ষতি হয়? জমি কেটে গভীর গর্ত তৈরি করায় আশপাশের জমি ও নদীতীর ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। তাঁরা অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
জানা গেছে, বাঙ্গালী-করতোয়া-ফুলঝোড়-হুরাসাগর নদী সিস্টেম ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ২০২১ সাল থেকে নদী খননের পর উত্তোলিত বালু অপসারণ করা হচ্ছে। সিরাজগঞ্জ ও বগুড়া জেলার নদ-নদীর নাব্যতা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং নদীভাঙন রোধের উদ্দেশ্যে প্রকল্পটি নেওয়া হয়েছিল। তবে প্রকল্পের আওতায় উত্তোলিত বালু অপসারণকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ ওঠায় নদীতীরবর্তী এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে পানি উন্নয়ন বোর্ডও। অনিয়মের অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসাইন।
তিনি বলেন, ঝাটিবেলাই ও আলোকদিয়া এলাকায় নিলামপ্রাপ্ত ব্যক্তিদের চুক্তির মেয়াদ আর নেই। আনুষ্ঠানিকভাবে তাঁদের কাজের মেয়াদ শেষ ঘোষণা করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বালু অপসারণের নামে কৃষিজমি কেটে নতুন করে বালু উত্তোলনের ফলে তাঁদের জীবিকা ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। তাই শুধু অভিযান নয়, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের জমির নিরাপত্তা এবং নদীতীরবর্তী জনপদ রক্ষায় কার্যকর পদক্ষেপ চান তাঁরা।






















