ভাটারা ১০০ ফিট রোডে ফুটপাত দখল করে চাঁদা আদায়ের মহোৎসব, চরমে জনদুর্ভোগ
- Update Time : ০৯:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯ Time View

রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজার ১০০ ফিট রোডের ফুটপাত দখল করে পুনরায় বিশাল অঙ্কের চাঁদাবাজি শুরু হওয়ার অভিযোগ উঠেছে। কতিপয় স্থানীয় রাজনৈতিক নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্রয়ে এই অবৈধ দখল বাণিজ্য সচল রয়েছে, যার খেসারত দিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
অনুসন্ধানে জানা যায়, ফুটপাতে প্রতিটি ভাসমান দোকান বসানোর বিনিময়ে দোকানপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত অগ্রিম (এডভান্স) নেওয়া হচ্ছে। এর পাশাপাশি প্রতিদিনের জন্য নির্ধারিত হারে আদায় করা হচ্ছে নিয়মিত চাঁদা। স্থানীয় প্রভাবশালী ও সুবিধাবাদী একটি মহল জোট বেঁধে ফুটপাতের এই অবৈধ বাণিজ্য পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে।
সরকারি রাস্তা ও মানুষের চলাচলের ফুটপাত দখল করে এমন কর্মকাণ্ডের ফলে ব্যস্ততম এই সড়কে প্রতিদিন তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, ব্যস্ত এই সড়কে সাধারণ মানুষের নিরাপদে হাঁটার কোনো সুযোগ নেই। ফুটপাত দখলে থাকায় বাধ্য হয়ে পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
অবৈধ দখলদার ও চাঁদাবাজ সিন্ডিকেটের এই দৌরাত্ম্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ভাটারা এলাকার সর্বস্তরের মানুষ। এলাকাবাসীর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত এই চাঁদাবাজ ও দখলদার চক্রের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও আন্দোলন অব্যাহত থাকবে।
জনস্বার্থে ও সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এই অবৈধ চাঁদাবাজি অবিলম্বে বন্ধসহ প্রশাসনের আশু ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় ভাটারা এলাকাবাসী।




















