লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা
- Update Time : ০৩:৪৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৭৫ Time View

হবিগঞ্জের লাখাই উপজেলার অন্যতম প্রধান ও ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র বুল্লা বাজারে দিন দিন অসহনীয় রূপ নিচ্ছে যানজট পরিস্থিতি। অবাক করার মতো বিষয় হলো, এই ব্যস্ততা এখন আর কেবল দিনের আলোতেই সীমাবদ্ধ নেই; রাতের আঁধারেও বাজারে দেখা দিচ্ছে তীব্র যানজট। প্রধান সড়কে যানবাহনের দীর্ঘ সারি আর উপচে পড়া ভিড়ে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীদের নিত্যদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বুল্লা বাজারে যানজট এখন নিত্যদিনের চিত্র। প্রধান সড়কে অনিয়ন্ত্রিত ইজিবাইক ও রিকশার আধিক্য, যত্রতত্র অবৈধ পার্কিং এবং চালকদের ট্রাফিক নিয়ম না মানার প্রবণতাই এই ভোগান্তির মূল কারণ। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত যাত্রী পরিবহন ও চালকদের বেপরোয়া মনোভাব। গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক কেন্দ্রে কার্যকর কোনো ট্রাফিক ব্যবস্থা বা তদারকি না থাকায় চালকরা নিজেদের খেয়ালখুশিমতো গাড়ি চালিয়ে বিশৃঙ্খলা তৈরি করছেন।
রাতের এই অচলাবস্থার কারণে স্থানীয় ব্যবসায়ীরা মালামাল পরিবহন ও সরবরাহে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার যানবাহন আটকে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঝুঁকি তৈরি হয়েছে।
এই স্থায়ী ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। বাজারে ইজিবাইক চলাচলে শৃঙ্খলা ফেরানো, সড়কের ওপর অবৈধ পার্কিং উচ্ছেদ এবং স্থায়ী ট্রাফিক ব্যবস্থা জোরদার করার জোর দাবি জানিয়েছেন তারা।




















