সিরাজগঞ্জে জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা ও নতুন কমিটি গঠন
- প্রকাশের সময় : ১১:০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 23

সিরাজগঞ্জে জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক জমজমাট মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মো. রফিকুল ইসলাম মানিককে সভাপতি, মামুন বিশ্বাসকে সাধারণ সম্পাদক এবং শেখ রজব আলীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের ক্রসবার-৩ চায়না বাঁধ এলাকায় সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের উদ্যোগে এই মিলনমেলা ও কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
নবগঠিত কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম মানিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন ‘সুখ পাখি’র প্রতিষ্ঠাতা পরিচালক ও নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ রজব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে স্বেচ্ছাসেবীদের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, “মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের নানা সমস্যা সমাধানে কার্যকর অবদান রাখা সম্ভব।”
শাহীন শিক্ষা স্কুলের পরিচালক মো. নুরুল হক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ সময় বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলার মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ‘সুখ পাখি রেড লাভ’-এর সমন্বয়ক রাসেল রহমানসহ সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই মিলনমেলার মাধ্যমে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করা হয়।
























