সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
- প্রকাশের সময় : ০৪:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 16

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে পুলিশের গাড়ির সামনেই বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে গত বুধবার (২৮ অক্টোবর) ভোরে জেলার কামারখন্দ উপজেলার শহীদনগর বাগবাড়ি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের সমর্থকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারীরা—‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হই হই রই রই, বিএনপি গেলি কই’ এবং ‘হই হই রই রই, জামায়াত-শিবির গেলি কই’—এমন নানা ধরনের স্লোগান দেন।
ভিডিওর দৃশ্যকর্মে দেখা যায়, মিছিল চলাকালেই মহাসড়ক দিয়ে পুলিশের একটি গাড়ি অতিক্রম করছিল। ওই সময় মিছিলে অংশ নেওয়া কয়েকজনকে উচ্চস্বরে চিৎকার করে বলতে শোনা যায়, ‘কেউ কাছে আসবি না, কেউ সামনে আসবি না।’ পুলিশের টহল গাড়ির উপস্থিতিতেই যুবলীগ নেতাকর্মীদের এই মিছিল ও স্লোগানের দৃশ্য মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন আইডি এবং পেজে মিছিলের ছবি ও ভিডিও পোস্ট করা হয়।
ঘটনার বিষয়ে জানতে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে কামারখন্দ থানার ওসি হাসমত আলী জানান, মিছিলটি কামারখন্দ ভৌগোলিক এলাকায় হলেও স্থানটি মহাসড়ক হওয়ায় তা যমুনা সেতু পশ্চিম থানার এখতিয়ারভুক্ত।
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।





















