আনন্দ মুহূর্তেই বিষাদ: বিজয়া দশমীতে প্রতিমায় সিঁদুর পরাতে গিয়ে নববধূর মৃত্যু
- Update Time : ০২:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ১২ Time View

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই রূপ নিয়েছে শোক ও বিষাদে। প্রতিমা বিসর্জন ও সিঁদুর খেলার আনন্দে যখন মুখর ছিল সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বিভিন্ন পূজামণ্ডপ, ঠিক তখনই কুমিরা বাসস্ট্যান্ড সংলগ্ন সার্বজনীন বিসর্জনস্থলে ঘটে এক মর্মান্তিক ঘটনা। দুর্গাপ্রতিমার কপালে সিঁদুর পরানোর সময় আকস্মিক অসুস্থ হয়ে তন্নি দে (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মাত্র চার মাস আগে বিয়ে হওয়া তন্নির এমন আকস্মিক মৃত্যুতে কুমিরা গ্রামসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত তন্নি দে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র চার মাস আগে পার্শ্ববর্তী যশোর জেলার কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে ধুমধাম করে তাঁর বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়িতে এটাই ছিল তাঁর প্রথম দুর্গোৎসব উদযাপন।
তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিজয়া দশমীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী প্রতিমা বিসর্জন দেখতে এবং ধর্মীয় রীতি অনুযায়ী দুর্গাদেবীর চরণে ও কপালে সিঁদুর দিতে ননদের সঙ্গে কুমিরা বাসস্ট্যান্ড সংলগ্ন বিসর্জনস্থলে যান তন্নি। সেখানে সহপাঠী ও স্বজনদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন তিনি।
কিন্তু আনন্দের সেই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রতিমার কপালে সিঁদুর পরানোর সময় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তন্নি। কিছু বুঝে ওঠার আগেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় উপস্থিত স্বজন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় স্বাস্থ্যকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র উত্তেজনা ও আকস্মিক গুরুতর হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
তন্নির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উৎসবের আনন্দ মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। বিসর্জনস্থলের ঢাক-ঢোলের বাদ্যি থেমে যায়। আনন্দঘন পরিবেশ রূপ নেয় কান্না আর আহাজারিতে। সদ্যবিবাহিত মেয়েকে হারিয়ে পিতা মহাদেব দে ও পরিবারের অন্য সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েন।
তালা উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলোর নেতারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই অপূরণীয় ক্ষতির সময় তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান চলাকালে এক নববধূর আকস্মিক অসুস্থতায় মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, উৎসবস্থলে উপস্থিত দর্শনার্থী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের সময় তন্নি দে হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আকস্মিক মৃত্যুর ঘটনা বলে প্রতীয়মান হয়েছে। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ করা হয়নি। তাঁদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তে নববধূ তন্নি দের এমন করুণ বিদায় কুমিরা গ্রামসহ তালা উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে গেছে।



















