মতলব উত্তরে লুঙ্গির নিচে লুকানো ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার
- Update Time : ১০:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে লুঙ্গির কোমরে লুকানো অবস্থায় দেশীয় তৈরি একটি এলজি (ওয়ান শুটার গান) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়িতে মতলব উত্তর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন উক্ত এলাকার মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল চরওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত ফরহাদ হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির কোমরের নিচের অংশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, “বিশেষ অভিযান চালিয়ে ফরহাদ হোসেনের কাছ থেকে একটি এলজি পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটির উৎস কী এবং এর সাথে আর কারা জড়িত তা উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এ বিষয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব বলেন, “অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের শূন্য সহনশীলতা নীতি বজায় থাকবে।”



















