কুলাউড়ার কাদিপুরের রসুলপুর-ডুলিপাড়া সড়ক বেহাল: জলাবদ্ধতায় হাজারো মানুষের দুর্ভোগ
- Update Time : ০৪:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ৬১ Time View

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৬ নম্বর কাদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রসুলপুর বাজার সংলগ্ন ডুলিপাড়া গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এটি রূপ নেয় একটি জলাশয়ে। এর ফলে স্থানীয় ব্যবসায়ীসহ প্রতিদিন যাতায়াতকারী কয়েকটি গ্রামের হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, রসুলপুর বাজার থেকে ডুলিপাড়াগামী এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন বহু শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও সাধারণ পথচারী চলাচল করেন। কিন্তু যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। রাস্তার বড় বড় গর্তে পানি জমে থাকায় প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এছাড়া বাজারে আসা ক্রেতা ও সাধারণ পথচারীদের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে।
ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী এক ব্যবসায়ী বলেন, “সামান্য বৃষ্টিতেই বাজারে পানি উঠে যায়, যার কারণে অনেক সময় দোকানপাট বন্ধ রাখতে হয়। এই রাস্তায় জলাবদ্ধতার কারণে ক্রেতারাও বাজারে আসতে চান না। আমাদের এই দুঃখ দেখার মতো কেউ নেই।”
এলাকাবাসীর জোর দাবি, সড়কটি উঁচু করে দ্রুত সংস্কার এবং কার্যকর পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হলে এই স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে। দ্রুত এই বেহাল সড়ক ও পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রামীণ জনগণ ও রসুলপুর বাজারের ব্যবসায়ীরা।


















