গাবুরায় ৪০০ ছিন্নমূল শিশু পরিবারের পাশে নাবিকের মাসিক নগদ সহায়তা
- Update Time : ০৮:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ২৪ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গম গাবুরা ইউনিয়নের ৪০০ ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশু পরিবারের পাশে দাঁড়িয়েছে নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক)। নাবিকের আর্থিক সহায়তায় ব্রতী সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ‘শিশু সুরক্ষা প্রকল্প’-এর আওতায় পরিবারগুলোকে মাসিক নগদ সহায়তা প্রদান শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বুড়িগোয়ালিনীস্থ ব্রতীর প্রকল্প কার্যালয়ে এ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে মাসে ১ হাজার ২০০ টাকা করে দুই মাসের জন্য এককালীন ২ হাজার ৪০০ টাকা প্রদান করা হচ্ছে। এ সহায়তা আগামী তিন বছর অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। নগদ সহায়তার পাশাপাশি শিশুদের পোশাক ও শিক্ষাসামগ্রীও দেওয়া হচ্ছে।
অর্থ বিতরণ কার্যক্রমে ব্রতীর সাতক্ষীরা এরিয়া ম্যানেজার সাইফুর রহমান, সুপারভাইজার মনিরুল ইসলাম, শাহনাজ আক্তার, মাহমুদুল হাসান, সুমাইয়া আক্তারসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শিশু সুরক্ষা প্রকল্পের মাধ্যমে শুধু শিশু পুনর্বাসন নয়, গাবুরার অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর স্বাবলম্বিতা তৈরিতেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গৃহনির্মাণ ও গৃহসংস্কার, গবাদিপশু পালন, ক্ষুদ্র ব্যবসা ও দর্জির কাজের সহায়তা এবং খাবার পানির ট্যাংক বিতরণ। পাশাপাশি খাবার পানির পুকুর খনন, পিএসএফ নির্মাণ ও সংস্কার এবং ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্রের কার্যক্রমও চলমান রয়েছে।
এছাড়া রমজানে খাদ্যসামগ্রী এবং কোরবানির সময় মাংস বিতরণের মাধ্যমে প্রতিবছর গাবুরার সহস্রাধিক দরিদ্র পরিবারকে সহায়তা করে আসছে ব্রতী।
ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন এস মুরশিদের উদ্যোগে নাবিকের সহযোগিতায় প্রায় ১৬ বছর ধরে গাবুরায় এসব মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। দীর্ঘদিনের এসব উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, নারীপ্রধান, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের বহু পরিবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। দুর্গম ও দুর্যোগপ্রবণ গাবুরার মানুষের জন্য নাবিকের এ ধারাবাহিক সহযোগিতা অনেক পরিবারের জীবন-জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা দেশের বিভিন্ন জেলায় মানবাধিকার, সুশাসন, নিরাপদ পানি, পরিবেশ ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।



















